আধ্যাত্মিক রাজধানী সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ব্যবস্থাপনা কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে সাফ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, কমিটির প্রতিটি সদস্যকে তাদের প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের যোগদান ও বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মাজার ব্যবস্থাপনা কমিটির গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
কমিটির সদস্যদের পরিচয় সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে পেশাদার এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি আরও যোগ করেন, ‘সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে পদাধিকার বলে আমি এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছি। এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
বাণিজ্যমন্ত্রী মনে করেন, মাজারের পবিত্রতা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অরাজনৈতিক ও দক্ষ পরিচালনা কমিটির কোনো বিকল্প নেই। নবীন আইনজীবীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আইন পেশার মর্যাদা রক্ষায় তাদের নিরলস কাজ করার আহ্বান জানান।