আজ ,

শুক্রবার সিলেটে যে কারণে মারা গেল তিন শিশু 

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
শুক্রবার সিলেটে যে কারণে মারা গেল তিন শিশু 

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনেই তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে সন্দেহজনক হাম আক্রান্ত ১২৮ রোগী।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারা হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নকুল বিশ্বাসের পাঁচ মাস বয়সী শিশু উদ্ভব বিশ্বাস এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ছমির উদ্দিনের ১১ মাস বয়সী কন্যাশিশু হুমায়ারা। অপর শিশুটি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার ফকরুল ইসলামের ৯ মাস ১১ দিন বয়সী শিশু আদিল। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ছয়জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৮ জন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৫৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাম ও হাম-সদৃশ উপসর্গে চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন নিশ্চিত হাম আক্রান্ত এবং ১৪১ জন সন্দেহজনক রোগী।

জেলা ভিত্তিক হিসাবে, সিলেটে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জন সন্দেহজনক এবং চারজন নিশ্চিত হাম রোগী। সুনামগঞ্জে মারা গেছেন ৫৯ জন- যাদের মধ্যে ৫৮ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত হাম রোগী। হবিগঞ্জে ২০ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে সন্দেহজনক ১৬ জন এবং নিশ্চিত হাম রোগী চারজন। আর মৌলভীবাজারে মারা গেছেন ১৩ জন। তাদের মধ্যে ১২ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, একদিকে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হচ্ছে, অন্যদিকে বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।