সিলেট বিভাগে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর পরিসংখ্যানও উদ্বেগজনক। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট বিভাগে মোট ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৮ জন মারা গেছেন। শুধু নিশ্চিত হামেই এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।