আজ ,

দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিরাই শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার থানা পয়েন্টে বিএনপির একটি পক্ষের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, এ কর্মসূচির বিরোধিতা করে অবস্থান নেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ‘জুলাই স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরী। ওই সমাবেশে তিনি ৮ আগস্ট বিএনপির নামে পৃথক সমাবেশ আয়োজনের সমালোচনা করেন। তার দাবি, ৬ আগস্টের কর্মসূচিই ছিল বিএনপির মূল সমাবেশ। এর বাইরে পৃথক কর্মসূচি আয়োজন করলে দলীয় বিভক্তি আরও বাড়তে পারে।

এর মধ্যে দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ পৌর বিএনপির কয়েকজন নেতার উদ্যোগে শনিবার একই স্থানে পৃথক সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক পক্ষের নেতাকর্মীরা এটিকে বিএনপির দলীয় কর্মসূচি হিসেবে দাবি করেছেন।

অন্যদিকে, নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীদের দাবি, শনিবারের সমাবেশটি দলের অনুমোদিত নয়। এ কারণে তারা কর্মসূচিটি প্রত্যাখ্যান করেছেন।

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই দিরাই শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যেও সংঘাতের আশঙ্কা তৈরি হয়।