শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
দেশজুড়ে প্রাথমিক শিক্ষার প্রসারে অগ্রগতি থাকলেও এখনো উল্লেখযোগ্য সংখ্যক গ্রাম বিদ্যালয় সুবিধার বাইরে রয়েছে। জাতীয় সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।
বুধবার (৮ এপ্রিল) সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক প্রশ্নের জবাবে তিনি দেশের এই বাস্তব চিত্র তুলে ধরেন।
প্রদত্ত তথ্য অনুযায়ী, বিভাগ ভিত্তিক হিসাব করলে সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে (৮১৮টি) এবং ঢাকা বিভাগে (৭১৭টি)। এছাড়া রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনায় ৩৪৯টি, সিলেটে ২৬০টি, ময়মনসিংহে ২৬৬টি, বরিশালে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।
শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় পৌঁছানো সম্ভব হয়নি। তবে যেসব এলাকায় বিদ্যালয় নেই, সেসব স্থানে ভবিষ্যতে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তা ও শর্ত বিবেচনা করে নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে এসব বিদ্যালয়বিহীন এলাকায় দ্রুত অবকাঠামো গড়ে তোলা জরুরি। কারণ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এই ঘাটতি গ্রামীণ শিশুদের বিদ্যালয়মুখী হওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।