সৌন্দর্যবর্ধনে নগরজুড়ে ড্রেনের উপর কোটি কোটি টাকা খরচ করে বসানো হয়েছে রঙিন টাইলস।
কিন্তু ড্রেনের পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে এসব টাইলস ভেঙে যাচ্ছে। কাজ করার পর আবার সেসব ভাঙা টাইলস যথাস্থানে রাখা হচ্ছে। হাটতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারিরা। সৌন্দর্য বর্ধনে লাগানো এসব টাইলস ভেঙে এখন নগরবাসীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার রাত ৯টার দিকে নগরীর শিবগঞ্জ পয়েন্টে ফুটপাত ধরে হাটতে গিয়ে ভাঙা টাইলসে পা দিতেই দুর্ঘটনার শিকার হন অস্টাদশী এক তরুনী। পড়ে গিয়ে হাত পা রক্তাক্ত জখম হয় তাঁর। উপস্থিত পুরুষ লোকজন ওই তরুনীকে উদ্ধারে দু’চার জন নারীকে ডেকে আনেন।
তারা ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে যান পাশ্ববর্তী ফার্মেসীতে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় পৌছে দেন। এমন ঘটনা এখন নগরের বিভিন্ন স্থানে নিত্যদিন ঘটছে।
নগরীর শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী সুহাইল আহমদ অভিযোগ করে বলেন, ড্রেনের ওপর অপরিকল্পিতভাবে টাইলস বসিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
পরিচ্ছন্ন কর্মীরা টাইলস তুলে ড্রেন পরিস্কার করেন। তাতে একাধিক স্থানে ড্রেনের ভাঙা স্লাব উঁচুনিচু হয়ে পড়ে থাকে। ভাঙ্গা টাইলগুলো ফের সেখানে স্থাপন করে রাখা হয়। এতে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হন।
এ নিয়ে দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়ায় ২৮ মার্চ একটি ভিডিওচিত্র প্রতিবেদন প্রকাশ করে।
এরপর ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন নগরীর বাসিন্দারা।
জসিম উদ্দিন শিকদার নামে এক ব্যবসায়ী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত ৪/৫জন মানুষ ভাঙা স্লেবে পা ফসকে পড়ে আঘাতপ্রাপ্ত হন। যা আমাদের চোখের সামনে নিত্য দিনের ঘটনায় রূপ নিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর ফুটপাতের সৌন্দর্যবর্ধনের জন্য বসানো হয়েছিল রঙিন টাইলস।
সরেজমিনে দেখা যায়, নগরীর জিন্দাবাজার, বারুতখানা, শিবগঞ্জ বাজার, মিরাবাজার, চৌহাট্টা ও উপশহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ফুটপাতে বসানো এসব রঙিন টাইলস ভেঙে ড্রেন পরিস্কার করছে সিসিক। ড্রেন পরিষ্কারের জন্য বিভিন্ন স্থানে টাইলস ভেঙে ফেলা হয়। এতে ফুটপাত জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
অপরিকল্পিতভাবে বাস্তবায়িত এই প্রকল্পের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছেন নগরবাসী।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর বলেন, এই সমস্যার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে। ইতোমধ্যে সিসিক এই কাজ শুরুও করেছে।
তিনি বলেন, টাইলস বসানোর সময় ঠিকাদাররা পরিকল্পনা অনুযায়ী কাজ করেননি। ফলে ড্রেন পরিষ্কারের জন্য টাইলস ভাঙতে হয়েছে।
অভিযোগ রয়েছে, সিটি করপোরেশনের তদারকির ঘাটতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যথাযথ পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় অনিবার্য হয়ে পড়ে।
স্থপতি রাজন দাশ গণমাধ্যমকে বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জরুরি। তা না হলে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটবে।
‘দ্বিতীয় লন্ডন’ খ্যাত সিলেট মহানগরের মর্যাদা ধরে রাখতে পরিকল্পিত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিকল্পনাবিদরাও।