মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের কর্মী সমর্থকদের আন্দোলনে উত্তাল ময়মনসিংহের গৌরীপুরে এবং চাঁদপুরের ফরিদগঞ্জ। টানা তিন দিন ধরে বিক্ষোভ করছেন ফরিদগঞ্জে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা এম এ হান্নানের অনুসারীরা। ৩য় দিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করেন তাঁরা।
এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকেরা। বুধবার বিকেলে গৌরীপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সহস্রাধিক কর্মী-সমর্থক বিক্ষোভ-মিছিল করেন। এ সময় পৌর শহরে সড়কে যানজট তৈরি হয়।
জানা যায়, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে প্রার্থী করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী-সমর্থকেরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
অবরোধ চলাকালে হান্নানের সমর্থকেরা ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে টায়ার জ্বালিয়ে দেন। এতে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। সড়ক অবরোধ করে সমাবেশ করেন তাঁরা। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফারুক হোসেন প্রমুখ।
এদিকে দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকেরা। আজ বুধবার বিকেলে গৌরীপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সহস্রাধিক কর্মী-সমর্থক বিক্ষোভ-মিছিল করেন। এ সময় পৌর শহরে সড়কে যানজট তৈরি হয়।
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে প্রার্থী করার দাবিতে তাঁর কর্মী-সমর্থকেরা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করছেন। গত সোমবার বিএনপি থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ময়মনসিংহ-৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকে ইকবালের প্রার্থিতা বাতিল চেয়ে হিরনের সমর্থকেরা আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার সকালে গৌরীপুর রেল জংশনে রেললাইনের ওপরে শুয়ে পড়েন হিরনের অনুসারীরা। এ সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওয়া এক্সপ্রেস আন্তনগর ট্রেন দীর্ঘ সময় আটকা পড়ে। এ দিন সন্ধ্যার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গাজীপুর বাজার এবং ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে শ্যামগঞ্জ বাজারে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। বুধবার তাঁরা বিক্ষোভ-মিছিল করেন।
গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মণ্ডল, পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, প্রভাষক শাহজাহান সিরাজ, একলাছুর রহমান কিরনসহ উপজেলা ও পৌর বিএনপির শতাধিক নেতা-কর্মী এই আন্দোলনে সমর্থন জানিয়ে অংশ নিয়েছেন।
হিরনের সহধর্মিণী অ্যাডভোকেট সাইদা মাসরু বলেন, দুঃসময়ে সারাক্ষণ দলের কর্মী-সমর্থকদের পাশে থেকেছেন হিরন। জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছেন। কিন্তু দল এর কোনো মূল্য দেয়নি। বিএনপির সাধারণ কর্মী-সমর্থকেরা এতে হতাশ হয়েছেন।
এ ব্যাপারে গৌরীপুরে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন অনেকে চায়, পায় একজন, এটাই নিয়ম। না পেলে কষ্ট লাগতেই পারে, কিন্তু ট্রেন আটকে, সড়ক বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করা রাজনীতিবিদদের কাজ নয়। যাঁরা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাঁদের সবার সঙ্গে তাঁর কথা হয়েছে, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সঙ্গেও কয়েক দিন পর যোগাযোগ করব।’