সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকায় একটি ফ্ল্যাট থেকে মাহাদি আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত মাহাদি সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নম্বর বাসার চতুর্থ তলায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাহাদি আনজুম ডা. রুলী বিনতে রহিমের সন্তান। তিনি স্বামী-সন্তানসহ ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।